কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :
কুড়িগ্রামে দিনে দুপুরে এক তরুণীর ছিনতাই হওয়া ১লাখ টাকা উদ্ধারসহ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে ধরলা ব্রিজ থেকে রিকশা যোগে শহরের দিকে যাওয়ার পথে এই ঘটনা ঘটে। বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
পুলিশ জানায়, গতকাল দুপুরে ধরলা ব্রিজ থেকে রিকশা যোগে শহরের যাওয়া পথে সাদ্দির মোড় এলাকায় কিছু ছিনতাইকারী মৌমিতা আক্তার সাথী নামের এক তরুণীর কাছ থেকে ১ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।
কুড়িগ্রাম সদর থানা পুলিশ বিষয়টি সম্পর্কে সংবাদ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালািয়ে কুড়িগ্রাম সদরের পুরাতন রেল স্টেশনপাড়া এলাকা থেকে ছিনতাইয়ের সাথে জড়িত থাকার অভিযোগে ইমদাদুল ইসলাম ইমনকে গ্রেফতার করে সদর থানার একটি চৌকস টিম। এসময় তার কাছ থেকে ভ্যানিটি ব্যাগ ও ছিনতাই হওয়া এক লক্ষ টাকা উদ্ধার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন বলেন, গ্রেফতারকৃত আসামী ইমদাদুল ইসলাম ইমন এর বিরুদ্ধে পূর্বের দ্রুত বিচার আইন ও মাদকের ৪টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। অপরাধের সাথে জড়িত যেই হোক না কেনো আজ হোক কাল হোক, ধরা পরতেই হবে। কুড়িগ্রাম জেলায় অপরাধ নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
##
আমিনুর রহমান বাবু
২২.০২.২৩