মোঃ আসলাম খান, সিরাজদিখান মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বয়রাগাদী ইউনিয়নের কুমারখালী গ্রামের বেহাল রাস্তাটি অবশেষে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে।
স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে সরেজমিনে রাস্তাটি পরিদর্শন করেছেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার।
পরিদর্শনের সময় তিনি কুমারখালী মাদবর বাড়ির উঠান বৈঠকে এলাকাবাসীর অভিযোগ শোনেন এবং রাস্তাটির করুণ অবস্থার চিত্র স্বচক্ষে দেখেন।
বিশেষ করে বর্ষা মৌসুমে কাদাপানিতে ডুবে থাকা রাস্তাটি দিয়ে স্কুলগামী শতাধিক শিক্ষার্থীর চলাচলে যে দুর্ভোগ তৈরি হয়েছে, তা গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করেন তিনি।
ইউএনও শাহিনা আক্তার বলেন, আমরা খতিয়ে দেখছি সড়কটি এলজিইডির আওতাভুক্ত কিনা।
এর আগে এই সড়কটি এলজিইডির আওতাভুক্ত করার জন্য আবেদন করা হয়েছিল। আওতাভুক্ত না হয়ে থাকলে আগামী সমন্বয় মিটিংয়ে আলোচনা করে কিভাবে সড়কটি সংস্কার করা যায় সে ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এলজিইডি’র কর্মকর্তা আসিফ উল্লাহ, বয়রাগাদী ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিব সরকার, বালুচর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ, সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও বয়রাগাদী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ নাঈম। কুমারখালী ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মান্নান। এছাড়াও উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেন নিলয়, শিক্ষা অনুরাগী ও সমাজসেবক হাজী মো. শাহ আলম এবং কুমারখালী সচেতন সমাজের সদস্যবৃন্দ।
উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে কুমারখালী গ্রামের রাস্তাটির করুণ চিত্র ও স্কুলশিক্ষার্থীদের দুর্ভোগ নিয়ে সংবাদ প্রকাশিত হলে তা প্রশাসনের নজরে আসে। ফলস্বরূপ, আজকের পরিদর্শন এবং আশ্বাস এলাকাবাসীর মাঝে নতুন আশার আলো জাগিয়েছে।
স্থানীয়রা মনে করছেন, প্রশাসনের সরাসরি হস্তক্ষেপে অবশেষে কুমারখালীবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে। এখন শুধু প্রয়োজন দ্রুত পদক্ষেপ ও কার্যকর বাস্তবায়ন
ক্যাপশন – কুমারখালী গ্রামের রাস্তা পরিদর্শনে ইউএনও, দ্রুত সংস্কারের আশ্বাস