ট্রাম্পের ইউটিউব চ্যানেল বন্ধ।

অনলাইন ডেক্সঃ
ফেসবুক, টুইটারের পর এবার সহিংসতার আশঙ্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউটিউব চ্যানেল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানায়, মঙ্গলবার টুইটারে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে সহিংসতার আশঙ্কায় ট্রাম্পের চ্যানেল অন্তত এক সপ্তাহের জন্য বন্ধ করা হয়েছে।

ইউটিউব কর্তৃপক্ষ থেকে বলা হয়, সম্প্রতি ট্রাম্পের চ্যানেল থেকে প্রকাশ করা একটি ভিডিও তাদের নীতিমালা ভঙ্গ করেছে। তাই নতুন করে সহিংসতার আশঙ্কায় এই কাজটি করা হয়েছে।

ইউটিউবে কমপক্ষে এক সপ্তাহের জন্য তাঁর অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে নতুন কোন ভিডিও আপলোড করতে পারবেন না ট্রাম্প। একইসঙ্গে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে তাঁর তোলা ভিডিওতে মন্তব্য করার সুযোগও।

বিদায়ী মার্কিন প্রেসিডেন্টের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ২৮ লাখ।

এর আগে গেল শুক্রবার ট্রাম্পের অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেয় টুইটার কর্তৃপক্ষ। তাঁর বিরুদ্ধে সহিংসতায় উস্কানি দেওয়ার ঝুঁকি থাকার অভিযোগ আনা হয়।

গেল ৬ জানুয়ারি নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয় অনুমোদনের দিনে কংগ্রেস ভবন ক্যাপিটলে নজিরবিহীন তাণ্ডব চালায় ট্রাম্প সমর্থকরা। পুলিশের সঙ্গে তাদের তুমুল সংঘর্ষ হয়। দাঙ্গায় নিহত হয় পুলিশ কর্মকর্তাসহ অন্তত পাঁচজন।