টঙ্গিবাড়ী ( মুন্সীগঞ্জ ) প্রতিনিধিঃ
মাদক বিরোধী প্রতিবাদ করায় মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে বাড়ি ছাড়া মোঃ হাসান মোল্লা নামের এক যুবক। তাকে না পেয়ে বাড়িতে হামলা ও ভাংচুর চালিয়ে প্রাণন্বাশের হুমকি দিয়েছে মাদক ব্যবসায়ীরা। এছাড়াও মাদক ব্যবসায়ীদের পক্ষ নিয়ে হাসান মোল্লার বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। এসব ঘটনায় দির্ঘদিন যাবত বাড়ি ছাড়া হাসান মোল্লা।
ঘটনাটি ঘটেছে জেলার টঙ্গিবাড়ি বাড়ি উপজেলার যশলং ইউনিয়নের সেরজাবাদ গ্রামে। মাদক ব্যবসায়ীদের ভয়ে পলাতক হাসান মোল্লা সেরজাবাদ গ্রামের রহমান মোল্লার ছেলে। স্থানীয়রা জানান,গত বছর ২০২৩ সালের ২৪ জুন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে হাসান মোল্লা। পরে বিভিন্ন ভাবে মাদকের ক্ষতিকর প্রভাব নিয়ে ও ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রচার-প্রচারণা চালিয়ে যান হাসান মোল্লা। এসবই যেন কাল হয়েছে তার। পরে মাদক ব্যবসায়ী ও পুলিশের ভয়ে বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছেন হাসান।
এছাড়াও চলতি বছরের গত বুধবার সকালে ২০ মার্চ ২০২৪ইং তারিখে হাসান মোল্লার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর চালায় মাদক ব্যবসায়ী সন্ত্রাসীরা। এঘটনায় থানায় লিখিত অভিযোগে চেষ্টা করলে উল্টো পুলিশি হয়রানির শিকার হয় হাসান মোল্লার পরিবার৷

হামলার দিনই তার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ এবং হাসান মোল্লাকে এনে দিতে হুমকিও দেন পুলিশের সদস্যরা । এসব ঘটনায় চরম ভাবে আতঙ্কিত অবস্থায় হাসান মোল্লা পালিয়ে বেড়াচ্ছেন।
হাসান মোল্লার ভাই হোসাইন মোল্লা বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় নানা ভাবে আমার ভাই হাসান মোল্লাকে হয়রানি ও হত্যার হুমকি দিয়ে আসছে। বর্তমানে কয়েক মাস যাবত আমার ভাই হাসান মোল্লা বাড়ি ছাড়া।
পুলিশ যেখানে আমাদের নিরাপত্তা দিবে সেখানে পুলিশ মাদক ব্যবসায়ীদের পক্ষ নিয়ে আমাদের বিভিন্ন ভাবে হুমকি দিয়ে যাচ্ছে। তারা হাসান মোল্লাকে এনে দিতে বলে না হলে যেখানে পাবে তাকে গুম করা হবে বলেও হুমকি দিয়ে যাচ্ছে।
এছাড়াও হাসান মোল্লা পালিয়ে যেখানেই অবস্থান করেন পুলিশ সেখানেই অভিযান চালিয়ে তাকে ধরতে চায়৷ এমন অবস্থায় আমরা চরম ভাবে আতঙ্কিত। এসব ঘটনার বিষয়ে পুলিশের কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তারা কথা বলতে রাজি হননি।