ফাহাদুল ইসলাম সোনারগাঁ নারায়ণগঞ্জ প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনে নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন সাবেক সাংসদ ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়সার।
গত (২৬ নভেম্বর)রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নারায়ণগঞ্জ-৩ আসনে দলীয় প্রার্থী হিসেবে আবদুল্লাহ আল কায়সারের নাম ঘোষনা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নাম ঘোষনার পর পুরো সোনারগাঁ জুড়ে আনন্দের জোয়ার বইছে। রাতে সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের প্রধান কার্যালয়ের সামনে খন্ড খন্ড মিছিলে আওয়ামীলীগের নেতাকর্মীরা জমায়েত শুরু করে। এরপর থেকেই শুরু হয় রাত দশটা পর্যন্ত মহাসড়কে আনন্দের মিছিল। রাতভর আনন্দের পর (২৭ নভেম্বর) সোমবার সকালে আব্দুল্লাহ আল কায়সারের পিতা প্রয়াত আওয়ামী লীগ নেতা আবুল হাসনাতের কবর জিয়ারত করেন এবং পরিবারের সকল সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করেন। সকাল ১০টা থেকে শুরু হতে থাকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সারকে বরণ করে নিতে হাজার হাজার নেতাকর্মীদের আনন্দ মিছিল । নেতাকর্মীদের একের পর এক আনন্দ মিছিল ও ফুলেল সংবর্ধনায় ভালোবাসায় সিক্ত হন সোনারগাঁ ৩ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার।
এ সময় হাজার হাজার নেতাকর্মী নিয়ে ফুলের সংবর্ধনা দেন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সনমান্দি ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, মোগরা পাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুর রহমান সজিব সহ সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী সহ ইউনিয়ন ভিত্তিক নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।