মুন্সীগঞ্জে মা ইলিশ না দেওয়ায় জেলেকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিনিধি –

মুন্সীগঞ্জের শ্রীনগরের পদ্মার চরে মা ইলিশ না দেওয়ায় ১ জেলেকে গুলি করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। আজ রবিবার (২৯ অক্টোবর ) রাত ৭ টার দিকে শ্রীনগর উপজেলার সীমান্তবর্তী নুরু বয়াতির চরে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে নিহত যুবকের নাম রুবেল। সে লৌহজং উপজেলার জশলদিয়া গ্রামের বাবু সরদারের ছেলে।এই ঘটনায় ঘাতক রিয়াদ পলাতক রয়েছে।সে কামারগাও এলাকার খোকন মেম্বারের ছেলে।

প্রত্যক্ষদর্শী নুরু বয়াতি জানান, শনিবার বিকালে খোকন মেম্বারের ছেলে রিয়াদ ১০ থেকে ১৫ জনকে সাথে নিয়ে ওই চরে গিয়ে জেলেদের কাছ থেকে ইলিশ মাছ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ।

এনিয়ে জেলেদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে স্থানীয় কামারগাও এলাকার খালেক সারেং এর ছেলে বাধা দেয়।এর সূত্র ধরে রিয়াদ তার লোকজন নিয়ে খালেক সারেং এর বাড়িতে হামলা ও ভাংচুর করে।

রবিবার বিকালে রিয়াদ আরো বেশী লোকজন নিয়ে পুনরায় চরে মাছ নিতে গেলে জেলেরা বাঁধা দেয়। একপর্যায়ে রিয়াদ তার কাছে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে জেলে রুবেলের বুকে গুলি করে।

রুবেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। গুলির পরপরই রিয়াদ তার লোকজন নিয়ে চর থেকে চলে আসে।

রুবেলের প্রতিবেশী জশলদিয়া গ্রামের মোঃ শামীম জানান, হাসপাতালে নেওয়ার আগেই রুবেল মারা গেছে।সে পদ্মা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতো।

এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়েবীর বলেন, আমরা শুনেছি এরকম একটি ঘটনা ঘটেছে। ঘটনাস্থল একটি দুর্গম চরাঞ্চল। ওখানে উপস্থিত না হয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছি না। আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।