ভূরুঙ্গামারীতে “তরুপল্লব পাঠাগার” বিতরণ করল পাঁচ হাজার চারা গাছ

কুড়িগ্রাম প্রতিনিধি :
“সবুজ ও নিরাপদ পৃথিবী গড়তে- বৃক্ষরোপণ কর্মসূচি”র আওতায় সোমবার (৩১ জুলাই) দিনব্যাপী ভূরুঙ্গামারীর বিভিন্ন স্থানে ও শিক্ষা প্রতিষ্ঠানে ৫ হাজার গাছের চারা রোপণ ও বিতরণ করেছে তরুপল্লব পাঠাগার নামের একটি সংগঠন।

সকাল ১১ টায় উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের হাতে গাছের চারা তুলে দিয়ে কর্মসূচীটির শুভ উদ্বোধন করেন তরুপল্লব পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি এএসপি ফারুক আহমেদ।

পরে পার্শ্ববর্তী কয়েকটি স্কুল, মাদ্রাসা ও তরুপল্লব পাঠাগার চত্বরে ছাত্র-ছাত্রী ও জনসাধারণের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। একইসাথে কয়েকটি স্থানে বৃক্ষ রোপণও করা হয়।

এই কর্মসূচির আওতায় ফলজ, বনজ, ঔষধি ও ফুলের চারাসহ আম, জাম, কাঁঠাল, পেয়ারা, আমড়া, আমলকী, বহেরা, অর্জুন, জাত নিম, মেহগনি, হরিতকি, জারুল, বকুলসহ বিভিন্ন প্রজাতির ৫ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।

উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন তরুপল্লব পাঠাগারের সদস্য ডা: আবু ইউসুফ, মামুনুর রশিদ মুকুল, আঃ খালেক, আমিনুল ইসলাম, মজনু মিয়া, সেলিমসহ অনেকে। এতে এলাকার আগ্রহী ছাত্র-ছাত্রী, উদ্যমী তরুণ-তরুণী এবং সর্বস্তরের সম্মানিত জনসাধারণবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
#
৩১/০৭/২৩ ইং