জাপার দ্বি-বার্ষিক সম্মেলন কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক লাঞ্ছিত

মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

মুন্সীগঞ্জ জেলা জাপার দ্বি-বার্ষিক সম্মেলনে জাতীয় মুক্তিযোদ্ধা পার্টির কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মো. গোলাম কাদির লাঞ্ছিত হয়েছেন।
তাকে টেনে হিচঁড়ে তার পড়নের পাঞ্জাবি ছিঁড়ে ফেলা হয়েছে। তাকে কিলঘুষি মারার ঘটনাও ঘটেছে।

আজ রোববার (১৮জুন) দুপুর ১ টার দিকে মুন্সীগঞ্জ শহরের থানারপুল এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনের সড়কে আয়োজিত সম্মেলনে এ ঘটনা ঘটে।

দলের কতিপয় নেতাকর্মী বলেন, সম্মেলনের প্রধান অতিথি জাপার চেয়ারম্যান জিএম কাদের ও প্রধান বক্তা মহাসচিব মজিবুল হক চুন্নুর মঞ্চে আগমনের আগ-মুহুর্তে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক মাইকে সঞ্চালনা করছিলেন। এ সময় তিনি কেন্দ্রীয় নেতৃবৃন্দের নাম ঘোষনা করেন।

কিন্তু স্থানীয় জাপার কয়েকজন নেতার নাম না বলায় জেলা জাপার সদস্য হাবিবুর রহমান সেলিম, আসাদুজ্জামান বাবুল ও মিজানুর রহমান সহ বেশ কয়েকজন তার উপর ক্ষুব্ধ হন। এক পর্যায়ে মঞ্চেই কেন্দ্রীয় ওই নেতার উপর চড়াও হয়ে কিলঘুষি ও টেনেহিচঁড়ে পড়নের পাঞ্জাবি ছিড়ে ফেলে।

এ ব্যাপারে জাতীয় মুক্তিযোদ্ধা পার্টির কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ভুক্তভোগী  মো. গোলাম কাদির সাংবাদিকদের বলেন, ভুল ভ্রান্তি হতেই পারে। আমি একজন কেন্দ্রীয় নেতা। তারপরও আমার উপর হামলা চালিয়েছে। এ ঘটনায় আমি কেন্দ্রীয় নেতাদের অবহিত করবো।

তবে জেলা জাপার সদস্য অভিযুক্ত হাবিবুর রহমান সেলিম হামলার ঘটনা অস্বীকার করেছেন। তিনি বলেন, কেউ তাকে মারেনি। তিনি পাগলের মতো মাইকে কথা বলছিলেন। এক পর্যায়ে নিজেই মঞ্চে পড়ে গিয়েছিলেন।

এদিকে, নাম প্রকাশ না করা শর্তে একনেতা বলেন, গোলাম কাদির জেলা জাপার মহিলা বিষয়ক সম্পাদক কানন ইসলামকে মঞ্চ থেকে নামিয়ে দিলে হট্রোগোলের সৃষ্টি হয়েছে।

১৮.০৬.২৩