মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর অবসর প্রাপ্ত এক কর্মকর্তার বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতরা বাড়ির একটি বসতঘর থেকে স্বর্নালংকারসহ জমি ও বাড়ির দলিলপত্রাদি লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ শনিবার ( ১০ জুন) ভোর রাতে সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের কল্যাণশিং গ্রামের বাংলাদেশ সেনাবাহিনীর (অব:) প্রাপ্ত আবুল বাশার বেপারি বাড়িতে এ ডাকাতি সংঘটিত হয়।
স্থানীয়রা জানান, বেপারি বাড়ির লোকজন কেউ বাড়িতে থাকেন না। তারা সকলে ঢাকা ও পাশ্ববর্তী আত্মীয়ের বাড়ি থাকেন। আমরা সকাল সাড়ে ৭টার দিকে ডাকাতির খবর পেয়ে বেপারি যায়, তখন দেখি তাদের দুটি বসতঘরের দরজা ভাঙ্গা ও ঘরের জিনিসপত্র এলোমেলো।
এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর (অব) প্রাপ্ত আবুল বাশার বেপারির স্ত্রী শাহিনূর বেগম বলেন, ছেলে মেয়েরা তাদের স্বর্ণালংকার আমার ঘরে রেখে ছিলো। প্রায় ৫০ ভরি স্বর্ণালংকার। সে গুলো আমি ঘরের খাটের নীচে মাটিতে পুতে রেখেছিলাম। ডাকাতরা সে গুলো মাটি খুঁড়ে লুট করে নিয়ে গেছে। তিনি দু:খ ও ক্ষোভ প্রকাশ করে আরো জানান,গত ২৩ মে এই বাড়িতেই আমার বড় ছেলে রাসেল বেপারির বসতঘরে ডাকাতি হয়েছে। এ বিষয়ে থানায় মামলা করলেও পুলিশ এখনো লুট হওয়া মালামাল উদ্বার করতে পারেনি।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) মো: তারিকুজ্জামান বলেন, যেহেতু বাড়িতে কেউ ছিলোনা। সেটি চুরি হবে,ডাকাতি না।তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।