মুন্সীগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতাকে কুপিয়ে জখম

মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. জসিম মোল্লাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ।

মাদক বিকিকিনিতে বাধা দেওয়ায় শনিবার (২৭ মে) দুপুরে মুন্সীগঞ্জ শহরের কাটাখালী বাজার এলাকায় হামলা করা হয়েছে বলে আহত জসিম মোল্লা জানান।

গুরুতর আহত অবস্থায় তাকে মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত জসিম সদরের চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নের গুহেরকান্দি গ্রামের মোস্তফা মোল্লার ছেলে।

জসিম মোল্লা বলেন, ‘শহরের কাটাখালী বাজার এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি করছিলো নিরব ও ফয়সালসহ কয়েকজন। ঐ সময় গ্রামের লোকজনসহ আমি বাধা দেই। তখন তারা চলে যায়। কিছুক্ষণ পরে হঠাৎ করে শহরের মাদক ব্যবসায়ী নিরব ও ফয়সাল ওরফে টুন্ডা ফয়সালের নেতৃত্ব আমার উপর হামলা চালায়।

হামলার সময় ১০/১২ জনের সংঘবদ্ধ দল আমাকে ধারালো অস্ত্র দিয়ে শরীর বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। পরে আমার চিৎকারে আশপাশের থাকা স্থানীরা এগিয়ে আসলে হামলাকারী মাদক বিক্রেতারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল সদর হাসপাতালে ভর্তি করে।’

আহত জসিম মোল্লার বাবা মোস্তফা মোল্লা বলেন, ‘এই ঘটনায় আমরা থানায় অভিযোগ দায়েরের জন্য প্রস্তুতি নিচ্ছি। মাদক কারবারিদের আইনের আওতায় আনার দাবি করছি।’

এ ব্যাপারে সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও চরকেওয়ার ইউনিয়ন চেয়ারম্যান আফসার উদ্দিন ভূঁইয়া বলেন, হামলাকারীরা মাদক বিক্রি করায় জসিম বাধা দিতো। এ নিয়ে ওদের সঙ্গে বিরোধ ছিল।

আজ স্থানীয় একটি ভাঙ্গা সেতুতে হামলাকারীরা গাড়ি নিয়ে উঠতে চাইলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জসিম তাদের গাড়ি নিয়ে উঠতে বারণ করায়, তার উপরে এই হামলার ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান বলেন, ‘এখনো অভিযোগ পাইনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেবো।