মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত পারিবারিক পূর্ব বিরোধের জেরে বাবা এবং দুই ভাইয়ের হাতে এক ব্যাক্তির খুনের অভিযোগ উঠেছে। এ ঘটনা ঘটেছে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পুরা বাজার এলাকায়। নিহত ব্যাক্তি হলেন সেন্টু হালদার(৪০)। অভিযুক্তরা হলেন নিহতের বাবা মজিবুর হাওলাদার এবং দুই ভাই শাহিন হাওলাদার ও রুবেল হাওলাদার।
জমির বন্টন নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ থাকায় দুই মেয়েকে নিয়ে সেন্টু হাওলাদার বজ্রযোগিনী ইউনিয়নের স্বরস্বতী গ্রামে শ্বশুর বাড়ি থাকতেন। বুধবার দুপুর ২টার দিকে নিহতের চাচা আমির হোসেন পারিবারকিভাবে জমির বিরোধের সমাধান করার কথা বলে ফোন করে পুরা বাজার যেতে বলে।
সেন্টু বাড়ি থেকে বের হয়ে পুরা বাজার গেলে তার সাথে আর ফোনে যোগাযোগ করা যাচ্ছিলো না। রাত ৮.১০ মিনিটে সেন্টুর বাবা ফোন করে জানান সে অসুস্থ হয়েছে হাসপাতালে নিতে হবে। কিন্তু কোন হাসপাতালে নিয়েছে জানতে চাইলে ফোন কেটে দেয়।
এরপর বারবার ফোন করলেও কেউ ফোন ধরে না। এর ১৫ মিনিট পরে ফোন দিয়ে বলে সেন্টু মারা গেছে। দাফন করতে পুরা নিয়ে যাচ্ছি। খবর পেয়ে আত্মীয়-স্বজন আর প্রতিবেশীরা ছুটে আসে।
রাত ১০টার দিকে পুরা বাজার যাওয়ার পথে সদর উপজেলার ভাঙা এলাকায় এলাকাবাসী একটি এম্বুলেন্স থামায়। গাড়ির ভিতরে সেন্টুর লাশ দেখতে পেয়ে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে উঠলে নিহতের বাবা মজিবুর হাওলাদার ও চাচা আমির হোসেন পালিয়ে যায়। কিন্তু আত্মীয়রা সেন্টুর দুই ভাই শাহিন হাওলাদার ও রুবেল হাওলাদারকে আটক করে পুলিশে দেয়।
নিহতের স্ত্রী রোজিনা আক্তার জানান, আমার স্বামী সহজ সরল মানুষ ছিলেন। আমার দুই মেয়ে যেন সম্পত্তির ভাগ না পায় এর জন্য আমাদের নানাভাবে অত্যাচার করে নিজেদের বাড়ি থেকে বের করে দিয়েছিলো। পূর্ব পরিকল্পনা করে আমার স্বামীকে ডেকে নিয়ে আজ হত্যা করেছে।
নিহতের বড় মেয়ে এসএসসি পরিক্ষার্থী সামিয়া আক্তার বলেন, আমার পরীক্ষা শেষ করে বাড়ি এসে শুনি বাবা দাদা-চাচাদের সাথে দেখা করতে গিয়েছে। সারাদিন ফোন করে বাবাকে পাইনি। সন্ধ্যায় আমার দাদা ফোন করে বলেন বাবা মারা গেছে । আমাদের না জানিয়ে লাশ দাফন করতে চেয়েছিলো।
বজ্রযোগিনী ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার আব্দুল মান্নান জানান, খবর পেয়ে বাড়ি থেকে এস দেখি ঘটনা সত্য। সেন্টুর লাশ পাওয়া গেছে এ্যাম্বুলেন্সে। এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে উঠলে আমি পুলিশে খবর দিলে তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করেন।
ঘটনা তদন্তে ভাঙা এলাকায় পুলিশের একাধিক টিম অবস্থান করছে। পুলিশ জানিয়েছেন বিষয়টি জটিল তাই অভিযোগের বিষয়ে অধিক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
মুন্সীগঞ্জ