মুন্সীগঞ্জ প্রতিনিধি :
মুন্সীগঞ্জের সদরের পঞ্চসারে তীব্র গরমে পরীক্ষা কেন্দ্রে এক দাখিল পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সাড়ে ৯টার দিকে পঞ্চসার দারুসুন্নাত ইসলামিয়া ফাজিল মাদ্রাসার পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। এছাড়া এই তীব্র গরমে সদরের বিভিন্ন কেন্দ্রে আরও তিনজন অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে।
নিহত ওই পরীক্ষার্থীর নাম মাহমুদুল হাসান (১৮)। সে টঙ্গীবাড়ী উপজেলার আপরকাটি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। মাহমুদুল হাসান সদর উপজেলার পঞ্চসার দারুসুন্নাত ইসলামিয়া ফাজিল মাদ্রাসা শিক্ষারর্থী।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মাহমুদুলের বাবা পরীক্ষা কেন্দ্রে দিয়ে যায়। তার কিছুক্ষন পর সে অসুস্থ হয়ে পড়লে সেখানে থাকা বাকি পরীক্ষার্থী তার মাথায় পানি দিয়ে শিক্ষকদের খবর দেয়। পরে শিক্ষকরা তাকে মুন্সীগঞ্জ সদর হাসপাতাল নিতে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
মুন্সীগঞ্জ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক এস এম ফেরদৌস জানান, সকাল সাড়ে নয়টার দিকে মাহমুদুলকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসে। তিনি আরও জানান, তীব্র গরম ও তার ছোট থেকে হার্টে সমস্যা ছিলো। সে কারণে মারা যেতে পারে বলে প্রাথমিভাবে ধারণা করা হচ্ছে।
নিহত মাহমুদুলের বাবা আনোয়ার হোসেনের বলেন, আমার ছেলে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলো। ছোট থেকে তার হার্টে সমস্যা। শিক্ষদের মাধ্যমে খবর পেয়ে হাসপাতালে এসে ছেলেকে মৃত দেখি।
পঞ্চসার দারুসুন্নাত ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আবুল বাসার, অন্যদিনের মত আজকেও সে ৯টা ১৫মিনিট হলে প্রবেশ করে। কিছুক্ষন পর শিক্ষার্থীদের কাছ থেকে জানতে পারি সে অসুস্থ হয়ে পড়ে। এসময় তার মাথায় পানি দেই। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।