কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানা পুলিশ নিয়মিত মাদক দ্রব্য উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিলের লক্ষ্যে বিশেষ অভিযান চালিয়ে ৮ বোতল ফেন্সীডিল ও ৮ পিস ইয়াবাসহ মকবুল হোসেন নামে এক মাদক কারবারিকে আটক করেছে।
শুক্রবার দিবাগত রাত একটার দিকে উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের পাইকেরছড়া গ্রাম থেকে তাকে এই মাদকসহ আটক করা হয়। আটক মকবুল ওই গ্রামের আব্দুল শেখের পুত্র।
পুলিশ সুত্রে জানা গেছে শুক্রবার দিবাগত রাত ১২ টা ৫৫ মিনিটে ভুরুঙ্গামারী থানার এসআই আব্দুর রহিম্ ও এসআই নওসাদ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পাইকেরছড়া ইউনিয়নের পাইকেরছড়া গ্রামের মোঃ মকবুল হোসেন মন্ডলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
পরে তার স্বীকারোক্তি মোতাবেক তার বসত বাড়ির পশ্চিম ভিটার পূর্ব দুয়ারী চৌচালা টিনের ঘরে ইট-সিমেন্ট দ্বারা নির্মিত খাটের মাঝখানে বিশেষ কায়দায় তৈরী গোপন কুটুরীর ভিতর ০৮ (আট) বোতল ফেন্সিডিল ও ০৮ (আট) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
আটক আসামীকে ফেন্সিডিল ও ইয়াবা ট্যাবলেট এর বিষয়ে জিজ্ঞাসাবাদে সে জানায় উক্ত ফেন্সিডিল ও ইয়াবা ট্যাবলেট গুলি ভারতীয় সীমান্ত এলাকা হতে সংগ্রহ করে মাদক সেবীদের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে।
উক্ত ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে আটক মকবুলকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম।
###
২৯-০৪-২৩