বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে মুন্সিগঞ্জে ৫টি বসত ঘর পুড়ে ছাই।
মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জে ইলেকট্রিক শর্ট-সার্কিটের আগুনে পুড়েছে ৫টি বসত ঘর সহ ভেতরে থাকা মালামাল। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর এলাকার একটি ভাড়া বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,একটি আবাসিক ভবনের পাশে থাকা, ঘরের মধ্যে হঠাৎ আগুনের ধোঁয়া দেখতে পায় স্থানীয়রা,পরে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলোতে,এরপর প্রথমে স্থানীয়রা আগুন নিভাতে চেষ্টা চালায়,পরে আগুনের ভয়াবহতা বাড়তে থাকায়, খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে।

পরে কমলাঘাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, তবে এর আগেই আগুনে পুড়ে গেছে টিন-কাঠের তৈরি পাঁচটি ঘর সহ ভেতরে থাকা সব ধরনের মালামাল। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
কমলাঘাট ফায়ার সার্ভিসের,স্টেশন ইনচার্জ, মো: মনিরুজ্জামান জানান,বিকেল সোয়া ৫টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিভাতে চেষ্টা চালায়, পরে আধাঘন্টার চেষ্টায় পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
এ অগ্নিকাণ্ডের ঘটনায় কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা এখন পর্যন্ত জানা না গেলেও বেশ কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। বিনোদপুর এলাকার স্থানীয় এক প্রবাসী আলহাজ্ব সিরাজ বেপারীর ভাড়া বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এছাড়াও কি কারনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
এছাড়াও এই অগ্নিকাণ্ডের ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছে বাড়িটির আশেপাশের প্রায় অর্ধশতাধিক ঘরবাড়ি সহ বেশ কয়েকটি আবাসিক ভবন।