কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৬ কেজি গাঁজা ও একটি ব্যাটারি চালিত অটো রিক্সাসহ ২ কিশোরকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো ভারতীয় সীমান্ত ঘেষা উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানী গ্রামের জুয়েল মিয়ার পুত্র আবুবকর সিদ্দিক ওরফে জসীম(১৬) ও মোবারক আলীর পুত্র নাজমুল ইসলাম(১৬)। রবিবার (০২ এপ্রিল) রাতে ঢাকা কোচ স্ট্যান্ড থেকে তাদেরকে আটক করা হয়। এরা দুজনই পাথরডুবি ইউনিয়নের বাঁশজানী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে ভূরুঙ্গামারী থানার সামনে ঢাকা কোচ স্ট্যান্ড থেকে ৬ কেজি গাঁজা এবং গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটো রিক্সা আটক করা হয়।
ওইদিন রাতেই গাঁজা পাচারের মূলহোতা জুয়েল মিয়াকে (৪৫) গ্রেফতার করে সোমবার (০৩ এপ্রিল) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর ৩ আসামীকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়।
উল্লেখ্য, এসময় অটো রিক্সায় বসে থাকা একই এলাকার আটককৃত আবুবকর সিদ্দিকের বন্ধু মাসুদ রানা (১৬), রাজু মিয়া (১৭), ও ফারুক আহমেদ নামে ৩ ছাত্রকে আটক করা হলেও, এই তিনজন মাদক পাচারের সাথে জড়িত নয় বলে এবং তারা শিশু হওয়ায় থানার শিশু বান্ধব অফিসার এসআই রাহানুমা আকতার ও উপজেলা প্রবেশন অফিসার (সমাজসেবা অফিসার) এর মাধ্যমে তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় ফেরৎ দেয়া হয়।
অপরদিকে সোমবার দুপুর আড়াইটায় ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম তার অফিস কক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান,নিরপরাধ ৩ শিশুকে যথাযথ আইনি প্রক্রিয়া মেনে ছেড়ে দেয়ার পর দুঃখজনক ভাবে লক্ষ্য করা যায়, মোঃ মোশরফ হোসেন সওদাগর নামক ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয় যে, “কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানায় ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ ৫ জনকে আটক করেন বিকাল ৫ ঘটিকার পরে থানায় দফারফা করে ওসি সাহেব মোটা অংকের টাকার বিনিময়ে ৩ জনকে রাত ১২টা ২০ মিনিটে ছেড়ে দেন।
বিস্তারিত পত্রিকায় চোখ রাখুন।” তিনি (ওসি) বলেন খোঁজ নিয়ে জানাগেছে ফেসবুক আইডিটি ভুয়া। ওসি এধরনের মিথ্যা , ভিত্তিহীন ও কাল্পনিক পোস্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
##
আমিনুর রহমান বাবু
০৩/০৪/২৩