মুন্সীগঞ্জে অটো রিকশার চাপায় শিশুর মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি: 

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বেপরোয়া অটো রিকশার চাপায় ইয়াসিন আরাফাত(৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২ এপ্রিল) সন্ধা ৬টার দিকে উপজেলার হলদিয়া বাজারে মাওয়া থেকে আসার সময় পথচারী শিশুকে চাপা দেয়।

পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  মৃত ঘোষণা করে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় নারী মেম্বার ইভা আক্তার জানান, ইফতারের আগ মুহুর্তে মাওয়া থেকে একটি ব্যাটারি চালিত অটো রিক্সা আমাদের বাসার সামনে দিয়ে লৌহজংয়ের দিকে যাচ্ছিলো। এসময় পথচারী শিশুটি দৌড় দিয়ে সড়কটি পার হতে চাচ্ছিল। তখন অটো রিক্সাটির নিচে পড়লে মাথার উপর দিয়ে অটো রিকশার চাকাটি উঠে গেলে শিশুটির নাক মুখ দিয়ে রক্ত বের হয়।

তাৎক্ষণিক আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।

নিহত ইয়াসিন আরাফাত হলদিয়া ইউনিয়নের পূর্ব শিমুলিয়া গ্রামের দিদারুল আলম টিপু ঢালীর পুত্র। এবং অটোরিকশা চালক রাসেল মোল্লা উপজেলার বেজগাও ইউনিয়নের সন্দিসা গ্রামের সেলিম মোল্লার পুত্র।

লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, শিশুটির মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে থানায় আনা হয়েছে। সে সাথে অটো রিক্সা চালককেও স্থানীয়রা
আটক করে থানায় নিয়ে আসে। আমাদের আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। শিশুটির পরিবারের কেউ অভিযোগ দিলে পরবর্তি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।#

০২-০৪-২০২৩ খ্রি: