মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়ায় ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি বাস স্ট্যান্ডের কাছে সুপারস্টার গ্রুপের ইন্ড্রাস্ট্রিয়াল পার্কে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুুপুর ২ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গজারিয়া ও সোনারগাঁও ফায়ার সার্ভিসের চারটি ইউনিট টানা ১ ঘণ্টা চেষ্টার পর দুপুর তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, সুপারস্টার কোম্পানিটিতে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে তবে আসন্ন গরমকে কেন্দ্র করে মালামালের চাহিদা বেড়ে যাওয়ায় শনিবার দিনও উৎপাদন চলছিল।
এদিকে শনিবার দুপুর দুইটার দিকে ফ্যান ও লাইট তৈরির দুই ইউনিটের মাঝখানে খালি জায়গায় বাঁশ ও ট্রিপল দিয়ে বানানো অস্থায়ী সেডে আগুন দেখতে পায় শ্রমিকরা। মূল গোডাউনে মালামাল সংকুলান না হলে অস্থায়ী সেডে মালামাল রাখা হতো। অগ্নিকাণ্ডের খবরে গজারিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট অগ্নি নির্বাপনের কাজে যোগ দেয়। পরে সোনারগাঁ ফায়ার সার্ভিসের দুটি ইউনিটও অগ্নি নির্বাপনে কাজে যোগ দেয়।
টানা এক ঘন্টা চেষ্টার পর দুপুর তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কয়েকজন সামান্য আহত হয়েছে। তবে কেও নিহত হয়নি।
গজারিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রিফাত মল্লিক বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আমরা অগ্নি নির্বাপনে কাজ শুরু করি। প্রথমে দুটি ইউনিট ছিল পরে পার্শবর্তী উপজেলা থেকে আরও দুটি ইউনিট যোগ দেয়। দাউদকান্দি উপজেলা থেকে আরও দুটি ইউনিট যোগ দেওয়ার কথা থাকলেও আগুনের তীব্রতা কমে আসলে আমরা তাদের আসতে না করেছি।
তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা সোহেব আলী জানান, বৈদ্যুতিক ফ্যান তৈরীর কারখানা সুপারস্টারের গোডাউনে এ আগুন লেগেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।#