ভূরুঙ্গামারীতে সার্কাসের হাতি দিয়ে চাঁদাবাজি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার্কাসের হাতি দিয়ে রাস্তা ঘাটে মানুষ ও যানবাহন আটকিয়ে চাঁদা আদায় করছে। চলন্ত ট্রাক, ভটভটি, প্রাইভেটকার, মোটর সাইকেল ও অটোরিকশা থামিয়ে জোরপূর্বক চাঁদা আদায়ের কারণে চরম বিড়ম্বনায় পড়েছে রাস্তায় চলাচলকারি পথচারী।

গত দুই দিন থেকে উপজেলার বিভিন্ন হাট বাজার ও গুরুত্বপূর্ণ সড়কে হাতিকে দাড় করিয়ে চাঁদা আদায় করতে দেখা গেছে। এঘটনায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বুধবার (২২ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে নয়টায়
সরেজমিনে গিয়ে দেখা যায় সোনাহাট রেল সেতুর পাশে রাস্তায় চলাচলকারি যানবাহন আটকিয়ে হাতি সুর উচিয়ে সালাম দিচ্ছে তার বিনিময়ে টাকা নিয়ে হাতির পিঠে থাকা লোকের নিকট জমা দিচ্ছে।

টাকা না দিলে পথ রোধ করে দাড়িয়ে থাকছে হাতি। চাঁদা আদায়ের কবলে পড়ছে রাস্তার পাশের দোকানিরাও। টাকা কম দিলে না নেওয়ার অভিযোগ হাতির উপরে চড়ে থাকা লোকটির বিরুদ্ধে।
উপজেলার গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম সড়কে যানবাহন থামিয়ে হাতি দিয়ে চাঁদা আদায় করার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পথচারিরা।
ঘটনার শিকার স্কুল শিক্ষক রাশেদুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, সকাল সোয়া নয়টার মধ্যে বিদ‍্যালয়ে পৌছতে হবে। রাস্তায় পথ আটকে দিয়েছে হাতি। খুচরা টাকা না থাকায় টাকা দিতে পারিনি। দশ মিনিট পর রাস্তা ছেড়েছে।

সার্কাস পরিচালক শাহিনুর রহমান বলেন আমার অনুমতি ছাড়া হাতির পরিচালক রাস্তায় কিছু টাকা তুলেছে। পরে বিষয়টি শুনে নিষেধ করেছি এবং দ্রুত হাতিকে সার্কাসস্থলে ফেরত আনতে বলেছি।
ভুরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম বলেন বিষয়টি আমি অবগত হয়েছি হাতির মালিককে মৌখিক ভাবে সতর্ক করেছি। এই ধরনের ঘটনা পুনরায় ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
##
আমিনুর রহমান বাবু

২২.০২.২০২৩