কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে ২২ হাজার ৬শ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী রকিবকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ভোরে ওই মাদক কারবারির বসত ঘরের সিন্ধুকের ভিতর থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
আটক রকিব রৌমারী সদর ইউনিয়নের চর নতুন বন্দর এলাকার বাসিন্দা। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে জেলা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানা পুলিশ মঙ্গলবার ভোরে রৌমারী সদর ইউনিয়নের চর নতুন বন্দর পোর্ট গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ রকিব হাসান রফিক (৩৪) এর বসতবাড়িতে অভিযান চালিয়ে রকিবকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক কক্ষের ভেতরে ড্রয়ার ও সিন্দুকের ভিতর থেকে ২২ হাজার ৬শ পিস ইয়াবা উদ্ধার করে।
কুড়িগ্রাম জেলার পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
তারিখ -০৭.০২.২৩