মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে নিখোঁজের ১৪ দিন পর শিশুর হাত কাটা মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার রাউৎভোগ গ্রামের নিখোঁজের ১৪ দিন পর তাকোয়া আক্তার ফাতেমা (২) নামে এক শিশুর হাত কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে ওই শিশুর বাড়ির পশ্চিম পাশের জঙ্গল থেকে এ শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

এর আগেও শিশু নিখোঁজের ঘটনায় মুক্তিপন দাবীকারী এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ওই নারী আলিনুর স্বপ্না (৩৫) একই গ্রামের নিহত সাইদ মোল্লার মেয়ে।

পরে এই ঘটনায় মুক্তার নামে আরেকজনকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত ফাতেমার মা মরিয়ম বেগম বলেন, গত শনিবার (২৮ জানুয়ারী) বাড়ী থেকে ফাতেমা নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরী করি। নিখোঁজের কয়েকদিন পর ফাতেমাকে অপহরণ করেছে দাবী করে দুইজন মোবাইল ফোনে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।

এ বিষয়টি টঙ্গীবাড়ী থানা পুলিশকে জানানো হলে মোবাইল ফোন ট্র্যাকিং করে অপহরণকারী আলীনুর স্বপ্না ও মোক্তার হোসেনকে আটক করে শিশু অপহরণ মামলা রুজু করেন পুলিশ।

নিহতের পরিবারের দাবী মুক্তিপনের টাকা না দিয়ে

অপহরনকারিদের পুলিশে ধরিয়ে দেওয়ায় শিশুটিকে হত্যা করে ফেলে রেখে গেছে অপহরণ কারী চক্রটি।

এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজিব খান বলেন, খবর পেয়ে সকাল দশটার দিকে নিহত শিশুর বাড়ির পশ্চিম পাশের জঙ্গল হতে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। শিশুটির ডান হাতের আঙ্গুল কেটে ফেলা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।

প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি শনিবার দুপুরে টঙ্গিবাড়ি
উপজেলার রাউৎভোগ গ্রামের নূরে আলম মোড়লের মেয়ে তাকোয়া আক্তার ফাতেমা তার মা পিয়ারা বেগমের সঙ্গে রান্না ঘরের পাশে উঠানে খেলা করছিলো। এ সময় রান্না ঘর থেকে খাবার ঘরে রাখতে আসেন মা পিয়ারা বেগম। খাবার রেখে গিয়ে দেখেন ফাতেমা সেখানে নেই। পরে আশেপাশে ও আত্মীয়-স্বজনের বাড়িতে খুঁজেও সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়রী করেন নিখোঁজের পিতা নুরে আলম মোড়ল।#

১১.০২.২০২৩ খ্রি: