রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদকঃ

রংপুরের তারাগঞ্জে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই দুইজন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৫জন।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কের চিকলি দোয়ালীপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নীলফামারীর সৈয়দপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী তৃপ্তি পরিবহন সঙ্গে সাইমন পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যায়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে আরো একজনের মৃত্যু হয়। আহত আরো অনেককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।