মুন্সীগঞ্জ প্রতিনিধি :
মুন্সীগঞ্জের মুক্তারপুর পুরনো ফেরি ঘাট এলাকায় বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত যুবদল নেতা শহিদুল ইসলাম শাওন (২৫) মারা গেছেন। আজ বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে নিশ্চিত করেন তার ফুফু জহুরা বেগম।
শাওন মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার মুরমা এলাকার মো. শোয়াব আলী ভূঁইয়ার ছেলে। শাওনের স্ত্রী ও ৮ মাসের একটি ছেলে সন্তান রয়েছে। সে মিরকাদিম পৌরসভার ৮নং ওয়ার্ড যু্দলের সাংগঠনিক সম্পাদক।
জানা গেছে, বুধবার বিকেল দিকে বিএনপির পূর্ব নির্ধারিত কর্মসূচিতে অংশগ্রহণ করেন শাওন। এ সময় পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ বাদে। এতে মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। সেখান থেকে বিএনপি নেতাকর্মীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে দীর্ঘ ২২ ঘণ্টা লাইভ সাপোর্টে থাকার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এদিকে শাওনের মৃত্যুতে ভেঙে পড়েন তার পরিবার। পরিবারে নেমে আসে শোকের ছায়া। শাওনের মৃত্যুতে শোক জানিয়েছেন মুন্সীগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।
শাওনের ফুফু জহুরা বেগম বলেন, শাওনকে গুলি করে হত্যা করা হয়েছে। আমার এর বিচার চাই।#