শ্রীনগরে শিক্ষকের যৌন হয়রানীর প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের শ্রীনগরে শিক্ষকের যৌন হয়রানীর প্রতিবাদে প্রাক্তন শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শ্রীনগরের রাঢ়ীখাল ইউনিয়নে স্যার জগদিশ চন্দ্র বসু ইনিস্টিটিউশন কলেজের অধ্যক্ষ ফরহাদ আজিজ ও সহকারী প্রধান শিক্ষক মোঃ মোশারফ হোসেন কতৃক ছাত্রীদের যৌন হয়রানী ও আপত্তিমূলক কথা বলায় প্রতিষ্ঠানটির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা দ্বিতীয় দফায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯ থেকে সাড়ে ১০ টা পর্যন্ত শ্রীনগর-দোহার সড়কে প্রতিষ্ঠানটির মূল ফটকের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন করা হয়। এ সময় অভিভাবক ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরাও অংশ গ্রহন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র ৭১ ব্যাচের আব্দুর রশিদ খান, ৭০ ব্যাচের কবি ঢালী আমিরুল ইসলাম,

সাবেক ম্যানেজিং কমিটির সদস্য আহমেদ আলী ঢালী, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য মোঃ রেজাউন হোসেন ঢালী, অভিভাবক তাইজুল ইসলাম সিকদার, ছাত্রী তানহা ইসলাম তনিমা, প্রাক্তন ছাত্র পাভেল শেখ, টিপুসহ আরো অনেকেই।
এ সময়ে আন্দোলনরত প্রাক্তন শিক্ষার্থীরা মুল অভিযুক্ত শিক্ষক মোশাররফ হোসেন ছাড়াও প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ফরহাদ আজিজের অপসারণের দাবী তোলেন।

এর আগে গেলো ১১ সেপ্টেম্বর সকালে একই দাবীতে প্রতিষ্ঠানটির ছাত্র ছাত্রীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছিলো।
এ বিষয়ে স্যার জগদিশ চন্দ্র বসু ইনিস্টিটিউশন কলেজের অধ্যক্ষ ফরহাদ আজিজ এর নিকট জানতে চাইলে তিনি বলেন, গত ২৫ আগস্ট বিষয়টি নিয়ে আমরা শিক্ষক মোশারফ হোসেনের মুচলেকা নেই।

এখানে আমার করণীয় কি? যেটা আমার করণীয় সেটা আমি করেছি। বিষযটি নিয়ে সভাপতি লোপা মেডামের সাথে এবং সাবেক সভাপতি ডাবলু সাহেবের সাথে কথা বলেছি। বিষয়টি ম্যানেজিং কমিটি ব্যবস্থা নিচ্ছে। আইনি প্রক্রিয়ায় এগুচ্ছে। একটু সময়তো লাগবেই। একজন শিক্ষককে সাথে সাথে কি বহিস্কার করা যায় নাকি।

আমি শিক্ষা অফিসারের সাথে কথা বলেছি। আমি আরো উর্ধতনদের বিষয়টি অবগতি করেছি। তিনি দোষি হলে নিয়ম মাফিক দ্রুত বহিস্কার হয়ে যাবেন। আর এখানে আমাকে জড়িয়ে একটি মহল প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করতে মরিয়া হয়ে উঠেছে। এখানে একটি মহল রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করছে। #