মাওয়া প্রান্তে গাড়ির চাপায় বৃদ্ধা নিহত
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানা এলাকার ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়েতে গাড়ি চাপায় অজ্ঞাত(৬০) এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুন) বেলা ১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম পরিচয় পাওয়া যায়নি।
সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, আনুমানিক দুপুর সাড়ে ১ টার দিকে পথচারী ওই নারী এক্সপ্রেস ওয়ের একপাশ থেকে অন্য পাশে যাচ্ছিলেন। সে সময় মহাসড়কের সেতু মুখী অজ্ঞাত কোন গাড়ির চাপায় তিনি মারা যান।
তিনি আরো জানান, ফায়ার সার্ভিসের একটি দল এসে মরদেহটি উদ্ধার করেন। পরে হাইওয়ে পুলিশের কাছে মরদেহটি বুঝিয়ে দেন। পিবিআই নিহত ওই নারীর পরিচয় সনাক্তের চেষ্টায় কাজ করছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে।#