মুন্সীগঞ্জে প্রাইভেটকার খাদে পড়ে নিহত ২ আহত ১

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে দুলাভাইয়ের প্রাইভেটকার নিয়ে ঘুরতে বের হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই তরুণ নিহত হয়েছেন।
এ সময় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৩ মে) দিবাগত গভির রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের উত্তর চরমসুরা গ্রামের মানিক মিয়ার মেয়ের জামাই তার ব্যক্তিগত প্রাইভেটকার নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন।

শুক্রবার রাতে মানিক মিয়ার ছেলে জিসান তার দুই বন্ধু ফাহিম ও জাহিদকে সঙ্গে করে ওই গাড়ি নিয়ে ঘুরতে বের হয়। রাত ৩টার দিকে ওই তিন বন্ধু টঙ্গীবাড়ী উপজেলার পুরা বাজার হয়ে দিঘীরপাড় বাজার এলাকায় যাওয়ার পথে নির্মাণাধীন ব্রিজের কাছে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।

পরে তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে জিসান (১৯) ও ফাহিমকে (১৬) মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
নিহত ফাহিম জেলার সদর উপজেলার উত্তর চরমুশুরা গ্রামের স্বর্গতুল্যার ছেলে।
এবং জিসান একই এলাকার মানিক মিয়ার ছেলে।

এ ঘটনায় অপর বন্ধু জাহিদ হাসান (১৬) আহত হয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা সোহেব আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার দিনগত গভীর রাতে মুন্সীগঞ্জ সদর উপজেলার মুন্সিরহাট এলাকা থেকে তিনজন তাদের ভগ্নিপতির গাড়ি নিয়ে পাশের টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় বাজারের দিকে যাচ্ছিল।

পথিমধ্যে টঙ্গীবাড়ী উপজেলার পুরা বাজার এলাকার নির্মাণাধীন ব্রিজের কাছ থেকে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় পুলিশ ও এলাকাবাসীর সহায়তায় তিনজনকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
নিহতদের মৃতদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। আহত জাহিদকে একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।