মুন্সীগঞ্জ প্রতিনিধি :
আগামী ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ উপলক্ষে মুন্সীগঞ্জে মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে জেলা সার্কিট হাউস সম্মলেন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
মুন্সীগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শিলু রায়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
এ কর্মশালায় ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা কর্মসূচির মাধ্যমে স্বাধীন বাংলাদেশের প্রতিটি গৃহ, খানা ও ব্যক্তির তথ্য আগামী ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত সংগ্রহ করা হবে। এর মাধ্যমে একটি রাষ্ট্রের উন্নয়ন ও ব্যক্তির কল্যাণের তথ্য উঠে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এর আগে দুপুর ১২ টার দিকে মিরকাদিমের উত্তর রামগোপালপুর এলাকায় জনশুমারি পাইলটিং তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
কর্মশালায় বিশেষ অতিথি পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের এনডিসি ড. শাহনাজ আরেফিন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিনহাজুল ইসলাম সহ আরো অনেকেই।