মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের শ্রীনগরে রাস্তার পাশের ডোবা থেকে কম্বলে মোড়ানো অবস্থায় অজ্ঞাত নারী(২৩) ও শিশুর(২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার কোলাপাড়া দক্ষিণপাইকসা এলাকা থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা মা-মেয়ে হতে পারে, হত্যা কান্ডের পর মরদেহ দুটি ঘটনাস্থলে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) তানভীর হায়দার জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে কম্বলে মোড়ানো দুটি অজ্ঞাত মৃতদেহ দেখতে পাই। এরমধ্যে একটি নারী ও একটি মেয়ে শিশু রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তারা মা মেয়ে হতে পারে। হত্যাকান্ডের পর ঘাতক কিংবা ঘাতকরা মরদেহদুটি এখানে ফেলে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ প্রক্রিয়াধীন।নিহতদের পরিচয় ও ঘটনার রহস্য উদ্ঘাটনে চেষ্টা চলছে।