নিজস্ব প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চর কিশোরগঞ্জ পশ্চিম চরহোগলা এলাকায় সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আয়োজিত এ ক্যাম্পে এলাকার প্রায় ৫০০ রোগীকে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়েছে।
শনিবার সকাল থেকে শুরু হওয়া এ মেডিকেল ক্যাম্পে নারী, পুরুষ ও শিশুদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে স্থানীয় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করতে দেখা যায়।
অনুষ্ঠানটির প্রধান পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন হাসানুর রহমান দিপু।
সহকারী পরিচালক হিসেবে ছিলেন আসফিয়া, সিনথিয়া, ওমরসানি, হিমেল ও জিদান। এছাড়াও সার্বিক ব্যবস্থাপনায় অংশ নেন সিনহা, লামিয়া, ইয়ামিম, বাবুল, আরবি, জিহাদ, শিমুলী ও হাফেজ কাউসারসহ অন্যান্য স্বেচ্ছাসেবীরা।
ফ্রি মেডিকেল ক্যাম্পটির আয়োজন করে ব্লাড লাইফ ফাউন্ডেশন। সহযোগিতায় ছিল আল হিকমা ফাউন্ডেশন ও বাধন হরগঙ্গা কলেজ পরিবার। এছাড়া সার্বিক সৌজন্যে ছিল খিদমাহ ডায়াগনস্টিক সেন্টার, মুন্সীগঞ্জ।
আয়োজকরা জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
স্থানীয় সচেতন মহল এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এমন কার্যক্রম সমাজের অসহায় মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
