রুবেল মাদবর, মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী রিকাবীবাজার উচ্চ বিদ্যালয়-এ উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রধান শিক্ষকের অবসরজনিত সংবর্ধনা অনুষ্ঠান এবং শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ।
দীর্ঘদিন শিক্ষা বিস্তারে অসামান্য অবদান, সততা, নিষ্ঠা ও শিক্ষাবান্ধব কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হৃদয় কৃষ্ণ মন্ডল-কে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। একইসঙ্গে সুবিধাবঞ্চিত ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হলে পুরো বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দ ও উচ্ছ্বাসের আবহ সৃষ্টি হয়।

বুধবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয় পুরো ক্যাম্পাস। অনুষ্ঠান উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণ সাজানো হয় বর্ণিল ব্যানার, ফেস্টুন ও আলোকসজ্জায়।
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মোঃ আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, একজন আদর্শ শিক্ষক কখনো অবসর নেন না। তিনি তাঁর কর্ম, আদর্শ ও শিক্ষার মাধ্যমে আজীবন মানুষের হৃদয়ে বেঁচে থাকেন।
শিক্ষক সমাজই একটি জাতির মেরুদণ্ড। তাদের হাত ধরেই আগামী প্রজন্ম গড়ে ওঠে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম ইরাদত হোসেন মানু, জেলা বিএনপি সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন পুস্তি,
জেলা বিএনপি সদস্য মোঃ সুলতান আহমদ, সাবেক মিরকাদিম পৌর মেয়র মোহাম্মদ হোসেন রেনু।
অতিথিরা তাঁদের বক্তব্যে প্রধান শিক্ষক হৃদয় কৃষ্ণ মন্ডলের দীর্ঘ কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর সততা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও শিক্ষার মানোন্নয়নে অবদানের প্রশংসা করেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরকাদিম পৌর বিএনপি সভাপতি মোঃ জসিম উদ্দিন আহমেদ, মিরকাদিম পৌর সাবেক ৬নং ওয়ার্ড কাউন্সির মোঃ মরতুজ আলী হীরা, মিরকাদিম পৌর বিএনপি সহ সভাপতি মিজানুর রহমান মিজান, বর্ণালী স্যাটাইলাই চেয়ারম্যান মোঃ বাবুল আহম্মদ, মিরকাদিম পৌর ৬নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল হক রাজু-সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন আদর্শ শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই দেন না, বরং নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের শিক্ষাও প্রদান করেন।
একজন শিক্ষকই পারেন একটি প্রজন্মকে আলোকিত করতে এবং একটি সুন্দর সমাজ গঠনে নেতৃত্ব দিতে। বক্তারা আরও বলেন, হৃদয় কৃষ্ণ মন্ডল তাঁর কর্মজীবনে শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলা, নৈতিকতা ও শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন। তাঁর অবদান বিদ্যালয়ের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
পরে প্রধান শিক্ষক হৃদয় কৃষ্ণ মন্ডলের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। এসময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অনেকেই তাঁর কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়। নতুন ড্রেস পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। অভিভাবকরাও এ উদ্যোগকে সাধুবাদ জানান। তারা বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়ালেখায় আরও আগ্রহী করে তুলবে এবং বিদ্যালয়ের প্রতি তাদের ভালোবাসা বৃদ্ধি করবে। সবশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
