গাজীপুরে চায়ের দোকানে প্রকাশ্যে সাংবদিককে কুপিয়ে হত্যা।

গা‌জীপুর প্রতি‌নি‌ধিঃ

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেট এলাকায় প্রকাশ্যে এক সাংবাদিককে কুপিয়ে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আসাদুজ্জামান তুহিন (৩৮) ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তিনি পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং ‘দৈনিক প্রতিদিনের কাগজ’ নামের একটি পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে চান্দনা চৌরাস্তার ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজির বিষয়ে লাইভ করেন তুহিন। পরে রাত ৮টার দিকে তিনি নিজ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে লেখেন “যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য গাজীপুর চৌরাস্তা”।

সন্ধ্যার পরে মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে ছিলেন তিনি। হঠাৎ কয়েকজন মুখোশধারী সন্ত্রাসী তার ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

নিহত তুহিনের বন্ধু শামিম বলেন, আমরা একসাথেই হেটে যাচ্ছিলাম। হঠাৎ একজন মহিলা কিছু লোকজন নিয়ে অস্ত্রের মহড়া দিচ্ছিলো। তুহিন দৌড়ে সাইডে গিয়ে ভিডিও করছিলো। তারপর থেকেই আর তাকে পাওয়া যাচ্ছিলো না। পরে দোকানের সামনে জটলা দেখে এসে দেখি তার ক্ষতবিক্ষত মরদেহ পরে আছে।

আরো একটি সূত্রে জানা গেছে, চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত দিয়ে হেটে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন সন্ত্রাসী তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে ক্ষতবিক্ষত করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার অফিসার ইনচার্জ শাহীন খান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তবে কী কারণে এ হত্যাকান্ড তা জানার এবং জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। এছাড়া ফুটেজ ও ক্লু সংগ্রহ করা হচ্ছে। সেগুলো বিশ্লেষণ করে খুনিদের শনাক্ত করার চেষ্টা করছি।
##

গাজীপুর প্রতিনিধি।
তারিখ: ০৭-০৮-২০২৫