জুলাই আন্দোলনের মামলায় আ’লীগ নেতা আমজাদ গ্রেপ্তার।

রু‌বেল মাদবর, মুন্সীগঞ্জঃ
জুলাই আন্দোলনের সময় সংঘটিত একাধিক মামলার পলাতক আসামি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আমজাদ হোসাইনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ১টার রাজধানীর হোটেল সোনারগাঁ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শেখ আমজাদ হোসাইন উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ’র ছোট ভাই।

মিরপুর জোনের ডিসি মাকসুদুল রহমান জানান, বৈষম্যবিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় আল মুসলিম গ্রুপের পরিচালক আওয়ামী লীগ নেতা শেখ মো. আমজাদ হোসাইনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা রয়েছে।

সিরাজদিখাম থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, আমজাদ হোসাইনের বিরুদ্ধে ০৫ আগস্ট সিরাজদিখান থানা ভাঙচুরের মামলা রয়েছে। এছাড়াও, মুন্সীগঞ্জ শহরে ০৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা হয়। এ হামলায় তিন জন দিনমজুরকে হত্যা করা হয়। এ ঘটনায়ও আমজাদ হোসাইন জড়িত।

স্থানীয়রা জানান, শেখ আমজাদ আওয়ামী লীগের সময়ে এলাকায় অশান্তি সৃষ্টি, আগুন সন্ত্রাস, গুপ্ত মিছিল এবং রাষ্ট্রবিরোধী কার্যক্রমের সাথে জড়িত ছিলেন।

স্থানীয় বিএনপি নেতারা জানান, ০৫ আগস্টের পর বিএনপি নেতা শেখ মো. আব্দুল্লাহ’র আশ্রয়ে পলাতক ছিলেন শেখ মো. আমজাদ হোসাইন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও ছাত্র হত্যার ঘটনায় দায়ের করা মামলার একাধিক আসামির মধ্যে শেখ আমজাদ অন্যতম।