যারা নির্দোষ তাদেরকেও আসামি করা হয়েছে-মুন্সিগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টা।

রু‌বেল মদবর, মুন্সীগঞ্জঃ
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “বিচারের কাজ যতটা আগানোর উচিত ছিলো ততটুকু না হলেও বেশ অনেকটা এগিয়েছে। কিছু মামলার চার্জশিট দেওয়া হয়েছে।

এখানে একটা সমস্যা ছিলো যে অনেকে যারা নির্দোষ তাদেরকেও আসামি করা হয়েছে। যে ঘটনায় ২০ জন আসামি করার কথা ছিলো সেখানে ২০০ জনকে আসামি করা হয়েছে। এজন্য এসব মামলা তদন্ত করতে একটু দেরি হয়ে যাচ্ছে। তবে এটা যেনো তাড়াতাড়ি শেষ হয় সেজন্য আমরা ব্যবস্থা করবো।”

রোববার বিকালে মুন্সিগঞ্জ শহরের লিচুতলা নামে এলাকায় মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ” স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট ও পুলিশ কমিশনে কোন ছাত্র প্রতিনিধি নেই। কেউ এ বিষয়ে দাবি করে থাকলে তা অযৌক্তিক এবং আমার মনেহয় (তার দাবি) মিথ্যা।”

তিনি বলেন, “৩৬ দিনে এই মাস। এই ৩৬ দিনের জন্য সরকারের তরফ থেকে একটা অনুষ্ঠান দিয়ে দেওয়া হয়েছে। সেই অনুষ্ঠানের অংশ হিসেবে আজ আমরা এখানে এসেছি।”

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সাংবাদিকদের তিনি বলেন, গণভবনকে জাদুঘরে রুপান্তরিত করা হচ্ছে।

ফ্যাসিবাদের পতন ও পুরো ১৫ বছরের ঘটনা সামনে রেখে কাজ এগিয়ে নিচ্ছি। পাশাপাশি জুলাই শহিদরা বাংলাদেশের জনগণের মুক্তির জন্য যে সংগ্রাম করেছে সে কাজ আমরা যেনো বাস্তবায়ন করতে পারি সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।”

তিনি আরও বলেন, “৩৬ জুলাই আবাসন প্রকল্প’ আমরা একনেকে পাস করি নাই কারণ, এরমধ্যে কিছু অসংগতি রয়েছে। এটা রিভিউ করা হবে। কিছু তদন্ত করারও দরকার আছে। এরপরে আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নিবো।”

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার প্রমুখ।