এনসিপির মার্চ টু মুন্সীগঞ্জে আগামীকাল, বাড়তি সতর্কতায় কড়া নিরাপত্তা।

রু‌বেল মাদবর, মুন্সীগঞ্জঃ
জুলাই আন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল শুক্রবার (১৮জুলাই) মুন্সীগঞ্জে সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ তিনটি আসনেই জবর দখল করে রাম রাজত্ব কায়েম করেছিলো এই মুন্সীগঞ্জে।

দলীয় সূত্রে জানা গেছে, জুলাই পদযাত্রার অংশ হিসেবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসাইন, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারীসহ কেন্দ্রীয় নেতারা মুন্সীগঞ্জে আসছেন। তারা স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও সমাবেশে বক্তব্য রাখবেন।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম রাতের প্রথম প্রহরে ফেসবুকে লিখেন, ১৮ জুলাই, মার্চ টু মুন্সীগঞ্জ! পরবর্তীতে তিনি কমেন্টে যোগ করেন, আমরা আসছি! জুলাই পদযাত্রায়, মুন্সীগঞ্জ জেলা শহরে, সকাল ১১টায়।

লিচুতলা থেকে শিল্পকলা হয়ে আল্লাহ চত্বর, সুপার মার্কেট হয়ে পুরান বাসস্ট্যান্ড ঘুরে কৃষি ব্যাংকের সামনে মঞ্চে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হবে।

এর আগে বৃহস্পতিবার রাতে আরেকটি পোস্টে সারজিস আলম বলেন, বিপ্লবের সহযোদ্ধারা, ধুমকেতুর মতো ছুটে আসুন। আগামীকাল সকাল ১১টায় মুন্সীগঞ্জ শহরে দেখা হচ্ছে ইনশাল্লাহ।

স্থানীয় এনসিপি নেতা আব্দুল আলিম বলেন, আমরা শান্তিপূর্ণ সমাবেশ চাই। সহিংসতা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেব।

জেলা সমন্বয়ক মাজেদুল ইসলাম বলেন, আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। সকলের সহযোগিতা নিয়েই আমরা দেশ গড়তে চাই।

নিরাপত্তা নিশ্চিত করতে মঞ্চ এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ জানান, ২ প্লাটুন বিজিবিসহ পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যদেরও সহায়তা নেওয়া হচ্ছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে আমরা সতর্ক রয়েছি।

প্রসঙ্গত, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপি ১ জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শুরু করেছে। ১৫ দিনে তারা তিন বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় সমাবেশ করছে।