শ্রীনগর মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের উত্তর নলটেক, ঝাহানাবাদ এলাকায় কিশোর অটোচালক রবিউল ইসলাম (১৮) হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) বিকাল ৫টায় উত্তর নলটেকের তিনহালট বাজারে এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে রবিউলের শোকাহত মা, বোন, ভাইসহ শতাধিক স্থানীয় নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, “নিরীহ ও পরিশ্রমী কিশোর রবিউলকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। প্রেমসংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে তারা সন্দেহ করছেন।” বক্তারা দ্রুত তদন্তের মাধ্যমে হত্যার পেছনের মূলহোতাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি—বিশেষ করে ফাঁসির দাবিতে জোরালো বক্তব্য রাখেন।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয় যা উত্তর নলটেকের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পুরো এলাকায় এই হত্যাকাণ্ড ঘিরে চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।
উল্লেখ্য, গত ২১ জুন সন্ধ্যায় উত্তর নলটেক এলাকার মাঠে রবিউলের মরদেহ উদ্ধার করে শ্রীনগর থানা পুলিশ। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত রবিউল পেশায় একজন অটোচালক ছিলেন।