মুন্সিগঞ্জের শান্তিনগর এলাকায় ট্রাক চাপায় মা-মেয়ের মৃত্যু
মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের সিপাহীপাড়া-মুক্তারপুর সড়কের রামপালের শান্তিনগর এলাকায় শাহ সিমেন্ট কোম্পানির একটি সিমেন্টবাহী ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু হয়েছে।
শনিবার বিকাল ৫ টার দিকে ওই দূর্ঘটনা ঘটে। এ সময় ঘাতক ট্রাকে আগুন ধরিয়ে দেয় স্থানীয় উত্তেজিত জনতা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহতরা হলেন-লিপি বেগম (৩৫) ও তার দশ মাসের মেয়ে আলিশা। তাদের বাড়ি মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের আনন্দপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,দশ মাসের মেয়ে আলিশাকে নিয়ে মিশুকে করে সিপাহীপাড়ার দিকে যাচ্ছিলেন মা লিপি বেগম। এ সময় মুক্তারপুরগামী দ্রুতগতির ট্রাকটি(ঢাকা মেট্রো- ড-১১-২৬১৪) মিশুককে সামনে থেকে ধাক্কা দিলে মা-মেয়ে মিশুক থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপায় পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।
এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকের ড্রাইভারকে আটক করা হয়েছে। দূর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।