মুন্সীগঞ্জে ট্রলার ডুবি ঘটনার মামলায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
মুন্সীগঞ্জ প্রতিনিধি :
মুন্সীগঞ্জে লৌহজংয়ে পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলার ডুবে সিরাজদিখানের লতব্দী ইউনিয়নের সাতজন শিশুসহ দশ জনের মৃত্যুর ঘটনার মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
এ মানববন্ধের লতব্দী ইউনিয়নের শতশত নারী-পুরুষ অংশ নেন। এ সময় সিরাজদিখান উপজেরার অবৈধ বাল্কহেডের বালু ব্যবসায়ে জড়িত মামলার এজাহারভূক্ত আসামী যুবলীগ নেতা জাহিদ শিকদার ও ছাত্রলীগ নেতা পাপ্পু চোকদাসহ অন্যান্য আসামিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
মানববন্ধনে উপস্থিত স্বজনরা মামলাটি সঠিক তদন্ত করে দোষীদের আইনে আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসী দাবী করেন। এর পাশাপাশি বালুবাহী বাল্কহেড বন্ধের জোর দাবী তুলেন তারা।
প্রসঙ্গত: গত শনিবার ৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের রসকাঠি এলাকায় ডহরী-তালতলা খালে বাল্কহেডের ধাক্কায় ৪৬ যাত্রী নিয়ে পিকনিকবাহী ট্রলারটি ডুবে যায়।
এতে সাতজন শিশু সহ দশ জনের মৃত্যু হয়। এই ঘটনার একদিন পর নিহত এপি ও পপির ভাই রুবেল বাদী হয়ে লৌহজং থানায় মামলা করে। ঘটনায় নয়দিন অতিবাহিত হলেও এখনো কোনো আসামি গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।#