মুন্সীগঞ্জে উৎসবমুখর পরিবেশে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মোঃ জাফর মিয়া, মুন্সীগঞ্জঃ
মুন্সীগঞ্জে জাঁক জমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

শুক্রবার দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জ শহরের ডাকবাংলা এলাকায় বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন।

পরে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে সদর উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়াও স্বাধীনতা সংগ্রামে শহীদ সকল বীর সেনাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়াও অনুষ্ঠিত হয়।

পরে একে একে দলটির বিভিন্ন অঙ্গ সংগঠন ও বিভিন্ন নেতৃবৃন্দু বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। দেশের প্রাচীনতম দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে ।

এসময় আরো উপস্থিতি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট সোহানা তাহমিনা,সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল কবির মাস্টার,শহর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন,নারীনেত্রী সামসুন্নাহার শিল্পি প্রমুখ।

এ সময় বক্তারা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের সফলতার ঈর্ষান্বিত হয়ে একটি চক্র ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের হীন ষড়যন্ত্রের কারণেই প্রাণ দিতে হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের।

সেই ষড়যন্ত্র এখনো চলমান রয়েছে এখন তারা দলের সভানেত্রীকে হত্যা করে আওয়ামী লীগকে ধ্বংস করার পায়তারা করে যাচ্ছে।