মুন্সিগঞ্জে ধারালো অস্ত্র দিয়ে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে ধারালো অস্ত্র দিয়ে মতিউর রহমান কালাই (৬০) নামক এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে মুন্সিগঞ্জ শহরের নয়াগাঁও পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানায় শনিবার সকালে পূর্ব বিরোধকে কেন্দ্র করে নিহতের ছেলে শাকিলকে কুপিয়ে আহত করে একই এলাকার প্রতিপক্ষের জুবায়ের ও জিহাদ।

পরে বেলা সাড়ে ১২ টার দিকে নিহত ম‌তিউর রহমান কালাই মিয়া ছেলেকে মেরে আহত করার বিষয়টি তি‌নি জানতে গেলে প‌রে বাবা দিল মোহাম্মদ ও দুই ছে‌লে জুবায়ের, জিহাদ সংগবদ্ধ হ‌য়ে ম‌তিউর রহমান কালাই মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে শরীরে,

বুকে ও মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা কালাইকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তারিকুজ্জামান জানান, বিরোধের জের ধরে প্রতিপক্ষ কুপিয়ে কালাইকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।