মুন্সীগ‌ঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে বাউশিয়া পাখির মোড় এলাকায় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মাইক্রোবাসের এক যাত্রী নিহত ও চালকসহ অপর তিনজন আহত হয়েছে।

নিহতের নাম এমদাদ হোসেন শাওন(২৮)। সে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার মিয়াপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে বলে জানা গেছে।

এ ঘটনায় আহতরা হলেন, নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার মিয়াপুর গ্রামের শাহাবুদ্দিনের স্ত্রী রত্না বেগম (৪০), একই গ্রামের দুলাল মিয়ার স্ত্রী কাজল (৩৫) ও বরিশালের উজিরপুর উপজেলার মফিজ মিয়ার ছেলে মাইক্রোবাস চালক আল আমিন(২৮)।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ এ.এস.এম. রাশেদুল ইসলাম জানান, ঢাকা থেকে নোয়াখালীর বেগমগঞ্জে যাচ্ছিল একটি মাইক্রোবাস। পথিমধ্যে রাত সাড়ে তিনটার সময় মাইক্রোবাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া পাখির মোড় এলাকায় আসলে অজ্ঞাতনামা গাড়ির সাথে ধাক্কা লেগে মাইক্রোবাসটি রাস্তার মাঝখানে ডিভাইডারে উঠে যায়।

প্রচন্ড ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায় এবং আরোহী সবাই আহত। স্থানীয়রা তাদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক এমদাদ হোসেন শাওনকে মৃত ঘোষণা করেন।

মাইক্রোবাসটির চালক আলামিনসহ অপর তিনজন গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।মরদেহ বর্তমানে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। আমরা ঘাতক গাড়িটিকে শনাক্তের চেষ্টা চালাচ্ছি।