নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ১৫ হাজার ৩শ কেজি বিষাক্ত জেলি পুষকৃত চিংড়ি জব্দ করা হয়েছে।
বুধবার বিকেলে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক লেফটেন্যান্ট শাম্স সাদেকীন নির্নয় এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলার ধলেশ্বরী ব্রীজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খুলনা থেকে চট্টগ্রামগামী ১ টি যাত্রীবাহী বাস ও ৩ টি ট্রাক তল্লাশি করে প্রায় ১৫ হাজার ৩শ কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়। এসময় জব্দকৃত জেলী পুশকৃত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা উপ-সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আশিকুর রহমান।
পরবর্তীতে কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম রেজা ও উপ-সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আশিকুর রহমান এর উপস্থিতিতে জব্দকৃত জেলি পুশকৃত চিংড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।