নিজস্ব প্রতিবেদকঃ
রবিবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ২৮ জানুয়ারি ভোর ৪টার সময় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শাম্স সাদেকীন নির্নয় এর নেতৃত্বে ঢাকার কেরানীগঞ্জে ধলেশ্বরী ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে খুলনা থেকে চট্টগ্রামগামী ০৪ টি যাত্রীবাহী বাস ও ০২ টি ট্রাক তল্লাশী করে আনুমানিক ৩ হাজার ৮০০ কেজি (৯৫ মন) অবৈধ জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়। এসময় চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, উক্ত অভিযানে কেরানীগঞ্জ উপজেলা উপ-সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আশিকুর রহমান উপস্থিত ছিলেন। পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জেলি পুশকৃত চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।