মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ পৌরসভায় মোহাম্মদী ভূঁইয়া (৩০) নামে এক যুবকের বুকে রডের আঘাত করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৭ টার দিকে পৌরসভার খাসকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
সে সদরের চরকেওয়ার ইউনিয়নের উত্তর চরমুশুরা গ্রামের ইদ্রিস ভূঁইয়ার ছেলে।
যুবক মোহাম্মদী ভূঁইয়ার চাচাতো ভাই মাসুদ ভূঁইয়া জানান, শহর থেকে মোটর সাইকেলে করে যুবক মোহাম্মদী ও তার ছোট ভাই ইকরাম নিজ বাড়িতে যাচ্ছিলো। খাসকান্দি এলাকায় পৌছলে একটি অটোরিকশার সঙ্গে মোটর সাইকেলের ধাক্কা লাগে।
এ সময় কথা কাটাকাটি বাঁধলে অটোরিকশার যাত্রীরা যুবক মোহাম্মদীর বুকে রডের আঘাত করে। তিনি আরও জানান, খাসকান্দি রমজানবেগ এলাকার মামুন, বিল্লাল, আকাশ ও রাব্বি তার ভাই মোহাম্মদীর বুকে রড ঢুকিয়ে দেয়।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার শৈবাল বসাক জানান, আশংকাজনক অবস্থায় যুবককে ঢাাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
যুবকের বুকের ডানপাশে রড দ্বারা আঘাত করা হয়েছে।
সদর থানার ইন্সপেক্টর তদন্ত মো. আনসারুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। যুবকের পরিবারের পক্ষ থেকে অভিযোগ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#