আমিরুল ইসলাম নয়ন, গজারিয়া মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের সিটি গ্রুপের অর্থনৈতিক অঞ্চলের প্রধান ফটকের সামনে আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একটি মুদি দোকান থেকে কৌশলে তালা ও তেলের বোতল চুরি করার সময় এক লোককে হাতেনাতে ধরে ফেলে দোকানদার।
ওই লোক সিটি অর্থনৈতিক অঞ্চলে শ্রমিক হিসেবে কাজ করে। এ সময় আশপাশের দোকানদার সহ কয়েকজন চোরকে জিজ্ঞাসাবাদ ও মারধর করার সময় স্থানীয় বাসিন্দা শফিউদ্দিন তাকে ছেড়ে দিতে বলেন।
এ নিয়ে শফিউদ্দিনের সাথে দোকানদারদের কথা কাটাকাটি হলে শফিউদ্দিন ও তার স্বজনদের হামলায় আব্দুল গাফফার(৬০)নামে একজন আহত হয়।
আব্দুল গাফফারের ছেলে হাসানের সিটি অর্থনৈতিক অঞ্চলের প্রধান ফটকের সামনে একটি মুদি দোকান আছে। ছেলেকে রক্ষা করতে এগিয়ে এসেছিল সে।
আহত অবস্থায় তাকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনা হয়। তার মাথায় দেশীয় অস্ত্রের আঘাতে রক্তক্ষরণ হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে।
এদিকে আহতের ছেলে হাসান জানিয়েছে তার বাবার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তারা তাকে ঢাকা নিয়ে যাচ্ছেন। তিনি মুদি দোকানের পাশাপাশি বিকাশের ব্যবসা করেন। শফিউদ্দিন ও তার লোকজন তাদের মারধর করে দোকানে ভাঙচুর চালায়।
এ সময় তারা ক্যাশ বক্স থেকে এক লক্ষ চল্লিশ হাজার টাকা নিয়ে যায় বলে দাবি করেন তিনি। এ ব্যাপারে গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।