অনুমতি না পাওয়ায় সেতুর উপরে রেল লাইনের কাজ করা সম্ভব হয়নি।
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ 
রেলমন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন বলেছেন পদ্মা সেতুর উদ্বোধনী দিন থেকে ঢাকা-মাওয়া-ভাঙ্গা পর্যন্ত রেলপথ চালু করার পরিকল্পনা ছিলো। কিন্তু কারিগরি দিক বিবেচনায় পদ্মা বহুমুখী সেতু প্রকল্প কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় সেতুর উপরিভাগে রেললাইনের কাজ করা সম্ভব হয়নি।
এ কারণে জুন মাসে সেতু উদ্বোধন হয়ে যাওয়ার পরে জুলাই মাস থেকে সেতুর উপরে রেললাইন স্থাপনের কাজ শুরু হবে।
তিনি আজ দুপুরে মুন্সীগঞ্জ লৌহজং উপজেলায় মাওয়া প্রান্তে পদ্মা সেতু প্রকল্পের রেললাইন স্থাপনের কাজের অগ্রগতি পরিদর্শনে এসে এ কথা বলেন। তিনি আরও বলেন পদ্মা সেতু প্রকল্পের রেললাইন ঢাকা থেকে যশোর পর্যন্ত ১শত ৬৯ কিলোমিটার। তিনি বলেন চলতি বছর ঢাকা-মাওয়া-ভাঙ্গা পর্যন্ত কাজ সম্পন্ন হবার কথা রয়েছে এবং ২০২৪ সালের মধ্যে যশোর পর্যন্ত পুরো কাজ সম্পন্ন হবে।
এ সময় পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের উর্ধতন কর্মকর্তা ও রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী মাওয়া থেকে পদ্মা অপর প্রান্তে মাদারীপুর কাঠালবাড়ীতে কাজের অগ্রগতি পরিদর্শনে যান।#