মুন্সীগঞ্জের শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত-৩
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের শ্রীনগরে মালবাহী পিক-আপ ও অটো রিক্সা মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত ও ৩ জন আহত হয়েছে।
আজ (১১মে) বুধবার  দুপুর ২টার দিকে উপজেলার ডাকবাংলো সংলগ্ন শ্রীনগর- মুন্সীগঞ্জ সড়কের উপর এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মীরা আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরনবী (১৪) নামে এক অটো যাত্রীকে মৃত ঘোষণা করেন।
এছাড়া গুরুতর আহত হয়েছেন অটো চালক রুবেল (২৫), যাত্রী জিহাদ (১৮) ও তুষার (১৭)। তাদের  অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। নিহত নুরনবী উপজেলার খৈয়াগাও গ্রামের নুরুল হকের ছেলে।
আহত নিহত সকলেই শ্রীনগর উপজেলার বাসিন্দা।
শ্রীনগর ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্রে  জানা যায়  শ্রীনগর হতে ছনবাড়ী গামী মালবাহী পিকআপ নং-ডিএম ন-১৭-৮৮১০ এর চালক বেপরোয়া গতিতে চালিয়ে ডাকবাংলোর মোড়ে পাকা রাস্তার উপর পৌছে ছনবাড়ী হতে শ্রীনগর গামী অটোরিক্সাকে স্ব-জোড়ে মুখোমুখি ধাক্কা দিলে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায়।
শ্রীনগর থানার উপ-পুলিশ পরিদর্শক(এসআই) জাকির বলেন, ঘটনাস্থলে গিয়ে ঘাতক চালকসহ পিক-আপ আটক করেছি এবং আইনী প্রক্রিয়া শেষে মৃত নুরনবীর লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।