মু্ন্সীগঞ্জ প্রতিনিধিঃ
১১ যাত্রী নিয়ে পদ্মায় ডুবে গেলো স্পিডবোট
বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের পদ্মাসেতুর কাছে বাংলাবাজারগামী একটি স্পিডবোটডুবির ঘটনা ঘটেছে। শনিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্পিবোর্ডে ১১ জন যাত্রী ছিলেন।
বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাট সূত্র জানিয়েছে, ডুবে যাওয়া বোটের সব যাত্রীদের উদ্ধার করা হয়েছে। কেউ নিখোঁজ নেই।
জানা গেছে, শনিবার সকালে শিমুলিয়া থেকে একটি স্পিডবোট শিবচরের বাংলাবাজার ঘাটের উদ্দেশে রওনা হয়। স্পিবোর্ড পদ্মাসেতুর কাছে গেলে ঢেউয়ের ধাক্কায় উল্টে যায়। খবর পেয়ে স্থানীয় জেলে, নৌকা ও নৌপুলিশের টিম গিয়ে সব যাত্রীদের উদ্ধার করে।
এদিকে ঘাটের একটি সূত্র জানিয়েছে, শিমুলিয়া থেকে ধারণক্ষমতার বেশি যাত্রী নিয়ে রওনা দেয় বাবু নামের একটি স্পিডবোট। স্পিবোর্ডটির চালক ছিলেন মো. উজ্জ্বল। সেতু অতিক্রমের সময় প্রচণ্ড ঢেউয়ের ধাক্কায় বোর্ডটি উল্টে যায়।
বিআইডব্লিউটিএ’র শিমুলিয়া ঘাটের পরিবহন পরিদর্শক মো. সোলেমান জানান, শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে গেলে পদ্মা সেতুর কাছাকাছি গেলে, স্পিবোর্ডটির তলা ফেটে ডুবে যায়। তবে সকল যাত্রীদের উদ্ধার করা হয়েছে। কোনো হতাহত ও নিখোঁজ নেই।