মুন্সীগঞ্জে মাঠা তৈরির কারখানায় জরিমানা।

মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার প্রসিদ্ধ আলদীবাজারের মাঠায় পোকা ও ময়লা পাওয়া গেছে। এছাড়া মাঠায় নিষিদ্ধ উৎপাদান সোডিয়াম সাইক্লোমেট বা ঘনচিনি ও ননফুডগ্রেড ইন্ডাস্ট্রিয়াল রং মিশানো হচ্ছিলো। মাঠার বোতলে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, পরিমান, সর্বোচ্চ খুচরা মূল্য কিছুই উল্লেখ করা হচ্ছিলা না।

সকাল সাড়ে ১০ টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ আলদিবাজারের এই প্রসিদ্ধ মাঠা তৈরীর উত্তম ঘোষের কারখানা উপজেলার মাকুহাটি এলাকায় অভিযান চালায়। উওম ঘোষ মূলত টঙ্গীবাড়ি উপজেলার আলদি এবং সদর উপজেলার কাচারি এলাকায় প্রতিদিন মাঠা বিক্রি করেন।

জানা যায়, প্রতিদিন মুন্সীগঞ্জের এই আলদি বাজারের মাঠা খেতে ঢাকা নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানের হাজারো মাঠা প্রেমিরা ভিড় করতো ।

ভোক্তাঅ‌ধিকার উপ প‌রিচালক আসিফ আল আজাদ বলেন, অভিযান কালে দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশে মাঠা প্রক্রিয়াজাত ও সংরক্ষণ করা হচ্ছে। মাঠার ড্রাম উন্মুক্তভাবে রাখা হয়েছে। ময়লা ও পোকা মাঠার ড্রামে পড়ছে। নিষিদ্ধ উৎপাদানে সোডিয়াম সাইক্লোমেট বা ঘনচিনি ও ননফুড গ্রেড ইন্ডাস্ট্রিয়াল রং মাঠাতে মিশানো হচ্ছে।

তিনি আরও বলেন, মাঠার বোতলে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, পরিমান, সর্বোচ্চ খুচরা মূল্য কিছুই উল্লেখ করা হচ্ছিল না। প্রায় দশ বছর ধরে খাদ্যদ্রব্য উৎপাদন করলেও ওই প্রতিষ্ঠান কোন প্রকার লাইসেন্স গ্রহণ করেননি। ওই কারখানাটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং সংশোধন হবার নির্দেশ দেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা। অভিযানে সহযোগিতা করেন ব্যাটালিয়ন আনসারের একটি টিম।