অভিযান চালিয়েছে মুন্সীগঞ্জের ‘আলদির মাঠা’র ফ্যাক্টরিতে

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়েছে মুন্সীগঞ্জের জনপ্রিয় ‘আলদির মাঠা’র ফ্যাক্টরিতে।

শনিবার (৯ এপ্রিল) বেলা ১১ টার দিকে সদর উপজেলার মাকহাটি এলাকায় অভিযান চালায় সংস্থাটি।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আসিফ আল আজাদ জানান, আলদির মাঠার (কমল ঘোষের মাঠা) কারখানায় অভিযান কালে দেখা যায়, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে মাঠা প্রক্রিয়াজাত ও প্রস্তুত করা হচ্ছে। মাঠার কারখানার পাশেই সব আবর্জনা ফেলা হচ্ছে, বিপুল পরিমাণে মাছি ও অন্যান্য পোকা মাঠার পাত্রে বসছে। কোন পেস্ট কন্ট্রোল মেকানিজম সেখানে নেই। তারা পচিশ বছর ধরে মাঠা বিক্রি করলেও কোন প্রকার লাইসেন্স তিনি গ্রহণ করেননি।

তিনি আরও জানান, প্রস্তুতকারক মাঠার উপাদান হিসেবে গাভীর দুধ, পানি, চিনি ও লবণের কথা প্রথমে বলা হলেও, অনুসন্ধান করে দেখা যায়, বস্তার গুড়াদুধ ও স্যাকারিন পাওয়া যায় কারখানাতে। এগুলো মিশানোর কথা তারা পরবর্তীতে স্বীকার করেন। মাঠা ঠান্ডা করতে বরফকল হতে আনা বস্তার বরফ ব্যবহার করতে দেখা যায়।মাঠার বোতলে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, এম আর পি, উপাদান ও পরিমাণ কিছুই উল্লেখ করা হচ্ছে না।

একারণে এসময় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে মুন্সীগঞ্জ ব্যাটালিয়ন আনসার এর একটি টিম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জামাল উদ্দিন মোল্লা সহযোগিতা করেন।