মুন্সীগঞ্জ প্রতিনিধি :
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঘৌলতলী এলাকায় একটি মালবোঝাই ট্রাক নিয়ে ভেঙে পড়েছে লোহার বেইলি ব্রিজ। গত শুক্রবার শবে বরাত রাত ১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকের চালকসহ দুই জন আহত হয়েছে। তাদের লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
এদিকে সেতু ভেঙে পড়ায় বর্তমানে টঙ্গীবাড়ি-মাওয়া আন্তঃজেলা সড়কের যানচলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে এ পথে চলাচলকারী যাত্রীরা।
স্থানীয় ও ফায়ারসার্ভিস সূত্রে জানান, রাতে লৌহজং থেকে টঙ্গীবাড়ীর অভিমুখে কাঠের মালামাল বোঝাই একটি ট্রাক ঘৌলতলী বেইলি ব্রিজ অতিক্রম করছিলো। ট্রাকটি ব্রিজের মাঝামাঝি স্থানে পৌছালে বিকট শব্দে ট্রাকসহ ভেঙে পড়ে ব্রিজটি। এসময় চালকসহ দুই জন সামান্য আহত অবস্থায় ট্রাক থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। তবে দূর্ঘটনার সময় অন্য কোনো যানবাহন বা পথচারী সেতুতে ছিলো না।
এদিকে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল তায়াবির জানান, গাড়ি চালকসহ দুইজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চলে গেছে। দূর্ঘটনার কবলিত ট্রাকটি ওই স্থানেই রয়েছে। ফায়ারসার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে।#