সাজু হোসেন নারায়ণগঞ্জ প্রতিনিধি :
রহিমা আজিজ নিট স্পিন কারখানার শ্রমিকদের আন্দোলন এখনো চলমান রয়েছে। কারখানার মালিক কর্তৃপক্ষ অবৈধ ভাবে লে-অফ ঘোষনা করায় তারা এ আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলে জানিয়েছে শ্রমিকরা।
রবিবার (১৩ ফেব্রুয়ারী) দুপুরে রহিমাআজিজ এর শ্রমিকরা তাদের দাবী আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল করে।
এসময় ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শাহাদাত হোসেন সেন্টু বলেন, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আজ দুপুরে শ্রমিকদের দাবী দাওয়ার ব্যাপারে আমাদের সাথে মালিক পক্ষের বসার কথা ছিলো কিন্তু তারা আসেনি।
দাবী আদায় না হওয়ায় নিরপায় হয়ে এখন থেকেই আমরা মাঠে নামতে বাধ্য হলাম। আমাদের এ আন্দোলন চলবে। শ্রমিকদের ন্যায্য দাবী না মেনে মালিক পক্ষ বার বার বসার কথা বলেও তারা বসেনি।
তারা অবৈধ ভাবে লে-অফ ঘোষনা করায় শ্রমিকরা এখন মানবেতর জীবন-যাপন করছে। তাই যতক্ষণ পর্যন্ত আমাদের দাবী আদায় না হবে ততক্ষন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমাদের এ আন্দোলন হবে শান্তিপূর্ণ। কোন প্রকার বিশৃঙ্খলা বা ভাংচুর হবেনা। যদি কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করে তাহলে মনে করতে হবে সে মালিক পক্ষের দালাল।
এসময় শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল করে। মিছিলটি চাষাড়া শহীদ মিনার হতে বের হয়ে পঞ্চবটি হয়ে ভোলাইল ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক কবীর আহমেদ রাজু, শ্রমিক নেতা মোজাম্মেল, লিটন, নুরুল ইসলাম প্রমূখ।